![]() |
| চলছে চলবে |
বাঙালি ও আড্ডা এ দুটি আসলে সমার্থক শব্দ। যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো অবস্থায়৷ কড়িবরগা বেয়ে রোদ এসে পরে বিছানায়। চোখ কচলাতে কচলাতে বাঙালি প্রস্তুতি নেয় রোজকার ইঁদুরদৌড়ের। স্কুলপড়ুয়া ঝালিয়ে নেয় মুখস্থ না হওয়া সন-তারিখ, সদ্য চাকুরীজীবি যুবক সযত্নে গুছিয়ে নেয় আগামী প্রজেক্টের ফাইলের তোড়া আর সবেমাত্র কলেজে ওঠা ছেলেটি আর একবার আয়নায় দেখে নেয় নতুন হেয়ারকাটের সাথে শার্ট ইন করবে না ছেড়ে রাখবে দমকা হাওয়ায়। এই নানা স্তরের নানা গন্তব্যের কাটাকুটি হয় যে চৌমাথায় তার নাম আড্ডা। বাথরুমের কল থেকে ক্যাম্বিস বল, তিনতলার তিতলি থেকে ঘোষপাড়ার ইডলি, বাঙালি আড্ডা ছাড়া এমন বিশাল বিস্তৃত মুক্ত চরাচর বোধহয় গোটা দুনিয়ার আড্ডা ইতিহাসে বিরল। সে এক হইহই কান্ড। গমগমে নন্দন চত্বরে সন্ধে নামে। রাত আসে এসপ্ল্যানেড ছুঁয়ে। আড্ডাও ছুঁয়ে ফেলে ছাদের পাঁচিল। নেশা গাঢ় হয়। টাইমলাইনের চেয়েও দ্রুত পাল্টে যায় আড্ডা-টপিক। বাঙালি হার মানে না। শুধু মেঘ সরে চাঁদ আসে আকাশে। বনেদি বাড়ির বৈঠকখানা থেকে, গলির রক হয়ে বাঙালির আড্ডা পৌছায় ভার্চুয়াল মিডিয়ায়। আড্ডার ওয়ার্ড লিমিট ক্রস করে যায় তার সীমানা। দুপুরের রাজনৈতিক তরজায় মুখ ভার করে থাকা বান্ধবীর ঠোঁটে উঠে আসে সুমনের গান। প্রেমিক খুঁজে পায় তারকোভস্কির স্থিরচিত্র। বৃষ্টি আসে। বয়েস বাড়ে। দাম বাড়ে জিনিসের। ঘাম নামে গাল বেয়ে। ভুরু কুঁচকে যায়। সাড়াশির মতো গলা আঁকড়ে ধরে সময়। আর দক্ষ ডুবুরির মতো সময়কে ডজ করে আড্ডা টিকে থাকে। আসলে আদান-প্রদান মানুষের অতি প্রাচীন অভ্যেস। ভাবের ঘরের গোপন কুঠুরির খবর যতক্ষন প্রিয় বন্ধু অব্দি পৌছাচ্ছে, ততক্ষন স্বস্তি কই? কিম্বা কর্পোরেট প্রমোশনের সুখবর যতক্ষন না মাসিক টার্গেট ছুঁতে না চোরা প্রতিদ্বন্দ্বীর গেলাসে বরফ না হচ্ছে ততক্ষন আর সুখ কোথায়৷ তাই সুখ-দুঃখ, শান্তি-অশান্তি, লাভ-ক্ষতির জীবনকে ফুৎকারে কাউন্টার করে চলা যাপনের নীরব সাক্ষী থাকে আড্ডা। সাক্ষী থাকে চায়ের দোকান, কফিহাউস, ৮ বি, একাডেমি। পোড়ো চিলেকোঠায় আবার ঢুকে পড়ে সকালের রোদ্দুর। ঘুম ভাঙে বাঙালির। প্রস্তুতি চলে হোমওয়ার্কের, প্রস্তুতি চলে প্রেসেন্টেশানের, রাস্তায় পা রাখে ফার্স্ট ইয়ার। আড্ডা জেগে থাকে, লাইটহাউসের মতো; বাংলা ভাষার মতো।
![]() |
| ছবি - শৌর্যদীপ সান্যাল |
সাহিত্যের সন্ধানে'র সাপ্তাহিক ব্লগ প্রতিবেদন
কৌশিক দে (সম্পাদক )
অমৃতা রায় চৌধুরী, সম্রাট দে , অসীম দাস ( সহ সম্পাদক মন্ডলী )


No comments:
Post a Comment